সিলেটের বিয়ানীবাজারে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে তিনি খুন হন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে পাড়িয়াবহর গ্রামের তামিম আহমদ (১৪) তার মামাতো ভাই সিজান আহমদকে (১১) ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত জানান, নিহত সিজান ৬ষ্ট শ্রেণিতে এবং তামিম নবম শ্রেণিতে পড়তো। তারা সম্পর্কে মামাতো এবং ফুফাতো ভাই। ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তামিম আহমদকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।