প্রকাশিত : ১৬ মে, ২০২৬ ১৯:৩১ (রবিবার)
বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ৭ জুন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে এ তফশিল ঘোষণা করা হয়।

তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচনের আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে কমিটি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ছয় মাসের মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ পর্ষদ চরম বিরোধিতার মুখে পড়ে এবং পরে কমিটির ৭ জন পরিচালক পদত্যাগ করেন।