প্রকাশিত : ১৬ মে, ২০২৬ ২১:৫২ (রবিবার)
মৌলভীবাজারের এসপি বদলি নিয়ে বিতর্ক, হঠাৎ প্রত্যাহার

ছবি: মো. রিয়াজুল ইসলাম

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন।

তবে প্রত্যাহারের আদেশে এর কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, ‘আড়াই কোটি টাকার চুক্তির মাধ্যমে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ অভিযোগ অনুযায়ী, চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

যদিও এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ সদর দফতর।

এ বিষয়ে বক্তব্য জানতে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঘটনাটি নিয়ে জেলাজুড়ে আলোচনা চলছে এবং প্রত্যাহারের পেছনে প্রকৃত কারণ জানতে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে।