প্রকাশিত : ১৬ মে, ২০২৬ ২২:৫২ (রবিবার)
রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

ছবি: চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না, শক্ত হাতে প্রতিহত করব।’

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন মিল-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা দেওয়া।’

তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এখন দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও দেশ গড়ার কাজে মনোনিবেশ করার সময় এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। আসুন, আমরা সবাই দেশ গড়ার কাজে নেমে পড়ি। কেউ যেন উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ১০ জন নারী—হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম ও তাসলিমার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে প্রতীকীভাবে ল্যাপটপের বাটন চাপার মাধ্যমে চাঁদপুরসহ ২০টি জেলার ১৫ হাজার নারী সুবিধাভোগীর প্রত্যেকের কাছে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

চাঁদপুরে ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ স্থানীয় বিভিন্ন দাবির প্রতিও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।