সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। এতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে।
তবে একই সময়ে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণে নতুন করে কারও শরীরে হাম রোগ শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।