প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২০:০৭ (সোমবার)
সিলেটে ছাড় পাচ্ছে আটক ৩ হাজারের বেশি ব্যাটারিচালিত যান

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক করা ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম পর্যায়ক্রমে মালিকদের কাছে হস্তান্তর করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ট্রাফিক বিভাগের ডাম্পিং গ্রাউন্ডে থাকা এসব যানবাহন অবমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে এসএমপি।

এসএমপি সূত্র জানায়, ট্রাফিক বিভাগের অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩ হাজার ৮৭টি ব্যাটারিচালিত যানবাহন—অটোরিকশা ও টমটম—আটক করা হয়। পরে মানবিক দিক বিবেচনায় এবং ভবিষ্যতে সিলেট মহানগর এলাকায় অবৈধভাবে ব্যাটারিচালিত যানবাহন পরিচালনা না করার শর্তে লিখিত অঙ্গীকার নিয়ে সেগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ২ হাজার ৬৮৭ জন মালিক তাদের আটক যানবাহন ছাড়িয়ে নিতে লিখিত আবেদন করেছেন। আবেদনগুলো যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা এবং ডাম্পিং গ্রাউন্ডে সংশ্লিষ্ট যানবাহনের অবস্থান শনাক্ত করার পর অদ্যাবধি ৭৫৫টি যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, আটক থাকা বাকি যানবাহনও পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মো. মনজুরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), বলেন, মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।