ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে ৯ জিলহজ, অর্থাৎ ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। পাশাপাশি দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, রোববার সন্ধ্যায় সৌদি আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে রাত থেকেই আনুষ্ঠানিকভাবে পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেই—ও পৃথকভাবে চাঁদ দেখা কমিটির মাধ্যমে জিলহজ মাস শুরুর তারিখ ও ঈদুল আজহার সময়সূচি ঘোষণা করেছে। তবে এসব দেশের মধ্যে তারিখে কিছু ভিন্নতা লক্ষ্য করা গেছে।
চাঁদ দেখা কমিটির ঘোষণাগুলোর ভিত্তিতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মীয় এ উৎসবকে ঘিরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার মুসলিম দেশগুলোতে এখন উৎসবের আমেজ তৈরি হয়েছে।