প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ২২:২৬ (সোমবার)
এসডিজি বাস্তবায়নে সংসদ-নাগরিক প্ল্যাটফর্মের বৈঠক

ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

ডেপুটি স্পীকার বলেন, সংসদ-সদস্য হওয়ার আগেও তিনি সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। তার দাবি অনুযায়ী, এ কারণেই গারো ও হাজং সম্প্রদায় তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং তাদের মূলধারায় যুক্ত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদে সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসডিজি অর্জনের লক্ষ্যে আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে ককাস গঠন করা গেলে মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদল জানায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি স্বাধীন সংসদীয় ককাস গঠন প্রয়োজন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ মানসম্মত শিক্ষা, জনসেবা, সুশাসন ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ড. ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, হাসিন জাহান, জাকির হোসেন, আশরাফুন নাহার মিষ্টি ও তারান্নুম জিনানসহ নাগরিক প্ল্যাটফর্মের অন্যান্য সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।