প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ১৫:১৫ (সোমবার)
সিলেটে নদীর তীর থেকে বালু উত্তোলন করতে গিয়ে আ/টক ৯

সিলেটের জালালাবাদ থানাধীন এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৯ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল এসআই মোঃ আশরাফুল আলম টিপুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০২টি স্টিলের বাল্কহেডসহ ১৬০০ ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ০৯ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।