প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ১৮:৪১ (সোমবার)
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। তবে আসন্ন এ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা স্থানীয় নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। এ পরিস্থিতিতে একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “আমরা চাই শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনই যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়।”

রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার আহ্বান জানান সিইসি। তিনি উল্লেখ করেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সহিংসতা ও প্রাণহানির বহু ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এককভাবে কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।