প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ১৯:০০ (সোমবার)
২৮ মে পবিত্র ঈদুল আজহা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৮ মে (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ার পর সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহার ঘোষণা দেয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে দেশজুড়ে।