প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ১৯:২৪ (সোমবার)
কলকাতায় ৮ বাংলাদেশিসহ গ্রে ফ তা র ৯

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা বিমানবন্দর সংলগ্ন নিমতা এলাকা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।

রোববার (১৭ মে) নিমতা থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিমতার ফতুল্লাপুর এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ।

এরপর গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। একইসঙ্গে শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে তিনি ওই বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দিয়েছিলেন।

গ্রেফতারকৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে হাজির করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে তারা ফতুল্লাপুরে শাহিদুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলেন।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত নথির মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড এবং জন্মসনদ। এছাড়া বাংলাদেশে নেওয়া কোভিড-১৯ টিকার সনদও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার বাংলাদেশি নাগরিকরা হলেন— সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও জাল নথি তৈরির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।