প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ১৯:৩৯ (সোমবার)
লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হাওড়াঞ্চলের পুত্রবধূ

ছবি: শামীমা নাসরিন

হাওড়াঞ্চলের পুত্রবধূ শামীমা নাসরিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে নেত্রকোনার মদন উপজেলার হাওড়াঞ্চলে আনন্দের জোয়ার বইছে।

শামীমা নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার বাসিন্দা আরিফুর রহমানের স্ত্রী। তিনি লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাস করেন এবং নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। গত ৭ মে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে বিজয়ী হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়।

২০২৪ সালে তিনি মদন পৌরসভার বাসিন্দা গোলাম মাওলা খানের তৃতীয় ছেলে আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তিনি হাওড়াঞ্চলের মানুষের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হন।

স্বজন আরাফাত খান ডিউ বলেন, “শামীমা নাসরিন আমার চাচি। তিনি লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ খবরে মদন উপজেলার হাওড়াঞ্চলের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।”

স্থানীয়রা মনে করছেন, প্রবাসে বাংলাদেশি নারীর এই সাফল্য দেশের জন্যও গর্বের বিষয়। শামীমা নাসরিনের এ অর্জনে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।