প্রকাশিত : ১৮ মে, ২০২৬ ২১:১২ (মঙ্গলবার)
৪৩৭ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড- পাকিস্তানের বিপক্ষে এমনই কঠিন লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করার রেকর্ড থাকলেও স্বাগতিকদের সামনে এবার লক্ষ্য দেওয়া হয়েছে ৪৩৭ রান।

তবে সিলেট টেস্টে বড় লক্ষ্য দিলেও সন্তুষ্ট নয় বাংলাদেশ শিবির। বরং আরও কিছু রান যোগ করতে পারলে ভালো হতো বলে মনে করছেন দলের ক্রিকেটাররা।

ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন বাঁহাতি স্পিনার তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো।’

তিনি আরও বলেন, ‘স্কোরবোর্ডে যদি আরও ২০–৩০–৪০ রান যোগ করতে পারতাম, হয়তো দলের জন্য ভালো হতো। তবে এখানে হতাশার কিছু নেই, কারণ সব সময় ১০০% হবে না।’

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মুশফিকুর রহিম, যিনি রেকর্ড ১৪তম টেস্ট সেঞ্চুরি করেন। পাশাপাশি লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

বোলিং প্রসঙ্গে তাইজুল ইসলাম বলেন, চতুর্থ ইনিংসে উইকেট এখনো ব্যাটিং সহায়ক হলেও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের ওপর জোর দিতে হবে। তিনি বলেন, ‘তাদের লক্ষ্য যখন বড় হবে, তখন চাপ তৈরি হতে পারে। আমাদের সঠিক লাইন-লেন্থে বোলিং করতে হবে।’

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ইতিহাস গড়তে পারবে কি না, এখন সেই অপেক্ষায় সিলেট টেস্ট।