সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, ফলে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মঙ্গলবার (১৯ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইশিতা কাহের (৬ মাস) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার সুমিতা (৯ মাস) এবং সিলেট সদর উপজেলার লাবিবা (৯ মাস) সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন রোগী। এর মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে এবং ৩৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানিয়েছেন, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ওসমানী হাসপাতালে ২০টি এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে।