প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ১৫:৫৪ (বুধবার)
‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যামেক্সে ভোক্তভোগীদের ভিড়, টাকা ফেরতের দাবি

ছবি: ইমজা নিউজ

সিলেটে ‘ভিসা প্রাপ্তির’ নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত উপশহরস্থ এমেক্স এসোসিয়েটস-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রতারণার শিকার ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির অফিসে ভিড় জমিয়ে নিজেদের টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। সেই সাথে ইমজার ইমেইল এড্রেসে ও হোয়াটঅ্যাপে দেশে বিদেশের অনেকেই ঢাকা  ও  সিলেটের বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ জানাচ্ছেন। 

মঙ্গলবার ১৯ মে সকাল থেকেই সিলেট উপশহরের এমেক্স এসোসিয়েটস কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের জটলা দেখা যায়। তবে অফিসে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে ।
অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইমন উদ্দিন আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়দের ভাষ্য, গত রাত থেকেই তাকে আর এলাকায় দেখা যায়নি।

অফিসের বাইরে প্রতিষ্ঠানটির এক কর্মী দাবি করা এক ব্যক্তিকে দেখা গেলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। এ সময় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাসের পর মাস আমাদের ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা নিয়েছে। এখন অফিস বন্ধ করে পালিয়ে গেছে। ফোনে কল করলে তিনি কল রিসিভ করেন না’।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, বিভিন্ন দেশের কর্মসংস্থানের ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করত। আকর্ষণীয় বিজ্ঞাপনে দ্রুত ভিসা প্রাপ্তি, কম খরচ এবং ‘গ্যারান্টিড প্রসেসিং’-এর আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো।

সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তালাবদ্ধ অফিসের সামনে অবস্থান করার পর ক্ষুব্ধ ভুক্তভোগীরা মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনের সামনে অবস্থান নেন।

তবে মন্ত্রীর বাসভবনে উপস্থিত পরিবারের সদস্যরা জানান, আরিফুল হক চৌধুরী বর্তমানে সিলেটে অবস্থান করলেও তিনি বাসায় নেই।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। 

উল্লেখ্য, ‘সিলেটে ভিসা প্রাপ্তির ভুয়া বিজ্ঞাপন: প্রতারণার নতুন ফাঁদ’ শিরোনামে প্রকাশিত ইমজা নিউজে এমেক্স এসোসিয়েটসের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই ঘটনাটি নগরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।