প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ২০:০০ (বুধবার)
হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সিলেটসহ দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে বলা হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দেওয়ার নির্দেশনা রয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে হবে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সিলেট বিভাগেও হাম রোগীর সংখ্যা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পৃথক ওয়ার্ড চালুর নির্দেশনা রোগী ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।