প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ২১:২৩ (বুধবার)
পাহাড়-টিলা কর্তন ও দূষণে সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সিলেটে ৬ জন ব্যক্তি ও ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ লাখ ৭৪ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত এক অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ লঙ্ঘনের দায়ে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে পাহাড় ও টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরোপিত ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।