প্রকাশিত : ১৯ মে, ২০২৬ ২১:৪১ (বুধবার)
ভিসা নীতিতে পরিবর্তন আনছে থাইল্যান্ড

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য প্রচলিত ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় পরিসরে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভা বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিলের অনুমোদন দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থাইল্যান্ড সরকার পুনরায় স্তরভিত্তিক (টায়ারড) ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এতে ভিসা-মুক্ত থাকার সর্বোচ্চ মেয়াদ ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করা হচ্ছে। এছাড়া কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই সময়সীমা আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণ করা হবে।

করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ৬০ দিনের ভিসা-মুক্ত সুবিধা চালু করেছিল থাইল্যান্ড।

তবে ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদরেক বলেন, বর্তমান নিয়মের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি এর অপব্যবহার করছিলেন।

তিনি বলেন, ‘পর্যটন খাত থাই অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টিকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

থাই কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ দিনের দীর্ঘ ভিসা-মুক্ত সময়সীমা অনিচ্ছাকৃতভাবে কিছু আইনি ফাঁকফোকর তৈরি করেছিল। এর সুযোগ নিয়ে দেশটিতে অবৈধ ব্যবসা, অনুমোদনহীন বিদেশি কর্মসংস্থান এবং অনলাইন স্ক্যাম বা প্রতারণামূলক কর্মকাণ্ড বেড়ে যায়।

নতুন এ সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থানের পরিকল্পনা করা পর্যটকদের আগাম ভিসা সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।