ছবি: সংগৃহীত
‘জুলাই সনদ ও গণভোট’ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, `জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়টি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতেই বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।'
তিনি আরও বলেন, “বিএনপি যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে, তখন একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না।”
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, `বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। একটি দেশবিরোধী গোষ্ঠী এই ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।'
নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক প্রস্তাবনা ও দলের অবস্থান সম্পর্কে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।