প্রকাশিত : ২০ মে, ২০২৬ ১৬:৩৫ (বৃহস্পতিবার)
সিলেট সীমান্ত ফাঁকি দিয়ে চেকপোস্টে এসে ধরা পড়লো চালান: আ/টক ২

সিলেটের গোলাপগঞ্জে র‌্যাবের চেকপোস্টে বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব-৯।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। র‌্যাব-৯ এর একটি দল হেতিমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পায় যে, তামাবিল স্থলবন্দর এলাকা থেকে একটি সিএনজিযোগে মাদকদ্রব্য গোলাপগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে সিএনজিটি থামানোর সংকেত দিলে চালক ও তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজিতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে সিএনজির ভেতরে রাখা একটি কার্টুন থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার শেখ মো. তোফায়েল আহমেদ (২৬) এবং সিলেটের জৈন্তাপুর এলাকার মো. গোলাম রব্বানী (৩০)।

র‌্যাব জানায়, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।