ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নারী খেলোয়াড়দের সুরক্ষা, নিরাপত্তা এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যেই এ কমিটি গঠন করা হচ্ছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে।
কমিটির সদস্যরা হলেন- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।
জানা গেছে, কমিটি নারী ক্রীড়াবিদদের সুরক্ষা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতে কাজ করবে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ, আইনগত সহায়তা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং মানসিক বিকাশ নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া নারী খেলোয়াড়দের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং খেলাধুলাকে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কমিটির।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নারী অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী ক্রীড়াবিদদের জন্য আরও নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।