প্রকাশিত : ২০ মে, ২০২৬ ২১:২৬ (বৃহস্পতিবার)
বিনামূল্যে বড়পর্দায় সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

ছবি: সংগৃহীত

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের দর্শকপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’ আবারও বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সিনেমাটির বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ারা ও রীনা খান।

মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়। সালমান শাহ ও শাবনূরের রসায়ন সেই সময় দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জানিয়েছে, পুরনো দিনের জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিত এমন আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবেই ‘তোমাকে চাই’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা বড়পর্দায় সিনেমাটি উপভোগ করতে আগ্রহী, তারা নির্ধারিত সময় অনুযায়ী নিজ দায়িত্বে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে উপস্থিত হতে পারবেন।