সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১১ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আকবর হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকবর হোসেন উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।
বুধবার (২০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর হোসেন। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবারও ধর্ষণের শিকার হয়। পরে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বললে, মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।