ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানো এবং বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত বুধবার (২০ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতে হয়। এই অবস্থায় অষ্টম শ্রেণিতে নতুন করে আরেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে, যা অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আপাতত অনলাইনে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না।