ছবি: মো. হাবিবুর রহমান চৌধুরী জয়নাল
সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবুর রহমান চৌধুরী জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জয়নাল উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের তিলাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমান চৌধুরীর ছেলে। এলাকায় তিনি আনোয়ারুজ্জামান–এর ‘আপন মামা’ হিসেবেও পরিচিত।
তার বিরুদ্ধে দায়রা মামলা নং ১৬৭৮/১৩ ও ১৩৪৩/১৩-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার তদন্ত ওসির নেতৃত্বে একদল পুলিশ বুরুঙ্গা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবস্থানরত জয়নালকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর হাবিবুর রহমান চৌধুরী জয়নাল বিএনপির একটি বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে আজ সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’