প্রকাশিত : ২২ মে, ২০২৬ ২০:২০ (শনিবার)
মৌলভীবাজারে পৃথক বজ্রপাতে নিহত ২

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ধান কাটতে গিয়ে এবং অপরজন রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন তালেব মিয়া (৪০)। তিনি ওই গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান কাটার সময় বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, একই সময়ে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগান সেকশনে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন স্বপন মুন্ডা (৪৫) নামে এক শ্রমিক। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।