ছবি: সংগৃহীত
সিলেটে তাপমাত্রা কিছুটা কমলেও আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস বজ্রসহ বৃষ্টির সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।