প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ১৫:৪৬ (রবিবার)
ফের প্রশ্নের মুখে সিলেটের নিরাপত্তা

সিলেটজুড়ে অপরাধের ঘটনা যেন থামছেই না। চলতি মে মাসে একের পর এক সংবেদনশীল ঘটনায় সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতার আতঙ্ক বেড়েছে। পুলিশ ও র‌্যাব নিয়মিত অভিযান চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ উঠছে।

শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ঘটনাস্থলে থাকা র‌্যাব সদস্য ইমন আচার্য্য তাকে ধরতে এগিয়ে যান। ধাওয়া শেষে ছিনতাইকারীকে ধরে ফেলতেই সে ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

একই দিন ভোর ৫টার দিকে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে নিজের এক বছর আট মাস বয়সী শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা সুবিনা বেগমের বিরুদ্ধে। পুলিশ জানায়, শিশুটির বাবা আমীর আলী ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলে ঘরে থাকা অবস্থায় মা বটি দিয়ে শিশুর গলা কেটে হত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। জালালাবাদ থানা পুলিশ শিশুটির মাকে আটক করে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একই দিন সন্ধ্যায় জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা ও ঘটনার তদন্ত চলছে।

এছাড়া শুক্রবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল বাজার গরুর হাট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আবুল হোসেন (৩৬) গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের চেষ্টার পর হত্যার ঘটনায় ব্যাপক আলোচনা হয়। এ ঘটনায় শিশুটির চাচা জাকির হোসেনকে আটক করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করছে। সিলেটে র‍্যাব সদস্য নিহতের ঘটনার পর মহানগরজুড়ে জোরালো তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার হয়। যার মধ্যে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামীরাও রয়েছেন। তবুও নিয়ন্ত্রনে আসছে না সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমছে না।