প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ২২:২৩ (রবিবার)
কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক কৃষিতে মনোযোগী হওয়ার পরামর্শ

ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান বলেছেন, কৃষি উৎপাদনে কীটনাশক ও রাসায়নিক ওষুধের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতিতে কৃষি উৎপাদনে কৃষকদের মনোযোগী হতে হবে। জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ফসল মানবদেহের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফসলি জমির উর্বরতা বজায় রাখতে সহায়তা করে।

তিনি বলেন, নন-ক্রিপার জাতের ফসল চাষে কোনো ধরনের মাচার প্রয়োজন হয় না। এতে কম খরচে সহজে ফসল উৎপাদন সম্ভব। এছাড়া সরকার কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে এবং পর্যায়ক্রমে তা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

শনিবার (২৩ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল মহিলা মাদ্রাসা মাঠে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত নন-ক্রিপার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়হান পারভেজ রনি। স্থানীয় কৃষক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাব-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া, মোয়াজ্জেম হোসেন, খসরুল আলম, স্থানীয় কৃষক আজিম উদ্দিন, নুর উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ও আব্দুস সোবহান প্রমুখ।

মাঠ দিবসে বিভিন্ন সবজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবেশবান্ধব কৃষি উৎপাদন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন।