প্রকাশিত : ২৪ মে, ২০২৬ ১৯:৪৭ (সোমবার)
ভোটের পর ফেসবুকে এসে মুখ খুললেন মমতা

ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় ২০ দিন পর ফেসবুক লাইভে এসে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৪ মে) লাইভে তিনি নির্বাচন প্রক্রিয়া, ফলাফল এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সংবাদমাধ্যমের ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘এটা কি সত্যি নির্বাচন হয়েছে, নাকি প্রহসন হয়েছে? আমাদের কাছে তথ্য আছে- ইভিএম ও ডেটা ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে।’ তিনি আরও বলেন, বহু জায়গায় তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জেতার মতো আসনও হারানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ‘প্রায় ২২০ থেকে ২৩০টি আসন পাওয়ার কথা ছিল’, কিন্তু ফলাফল ভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় প্রশাসনিক প্রভাব খাটানো হয়েছে এবং বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়েছে। দলীয় কর্মীদের গ্রেফতার, পার্টি অফিস ভাঙচুর এবং হকারদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমার অস্ত্র এখন ফেসবুক লাইভ। আমি এখন আর মিডিয়ায় কথা বলব না। ভবিষ্যতে কিছু বলার থাকলে এখানেই বলব।’

যুবভারতী স্টেডিয়ামের মূর্তি ভাঙা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটি শিশুদের জন্য সেলফি তোলার জায়গা ছিল এবং আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছিল।

তবে বক্তব্যের শেষে তিনি জানান, কিছু অনিয়মের অভিযোগ থাকলেও নির্বাচনের ফলাফলকে জনগণের রায় হিসেবে তিনি গ্রহণ করছেন। একই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে হতাশ না হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফেসবুক লাইভ ছিল তৃণমূল নেতৃত্বের জন্য একটি কৌশলগত বার্তা, যেখানে দল পুনর্গঠন ও কর্মীদের মনোবল ধরে রাখার ইঙ্গিত রয়েছে। তবে বিরোধী শিবির একে “পরাজয় ঢাকার চেষ্টা” বলে অভিহিত করেছে।