প্রকাশিত : ২৫ মে, ২০২৬ ১৫:৫৯ (সোমবার)
ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া

সিলেটে আসন্ন ঈদের দিনেও বৃষ্টির প্রভাব থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঈদের দিন সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। একই সময়ে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত, অর্থাৎ ঈদের দিনের শুরুতেও সিলেট বিভাগের অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিনও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি, ফলে আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হতে পারে।