ছবি: সংগৃহীত
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮)- এর কার্যকরী কমিটির জরুরী সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সভাটি দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, প্রচার সম্পাদক হারিছ, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য আজিজ, আতিক মিয়া, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
সভায় জানানো হয়, গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে সংঘর্ষে নেতৃত্ব দেয়ায় ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮)- এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সংগঠন থেকে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজের নোটিশ প্রদান করা হলেও তিনি যথাসময়ে জবাব না দেয়ায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহিত হয়।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতে চালক ও সর্বস্তরের পরিবহন শ্রমিকদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনা এড়াতে সঠিকভাবে যানবাহন পরিচালনা করতে হবে। সিলেটের পরিবহন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ রাখতে আমরা বদ্ধ পরিকর। গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙ্খিত দুর্ঘটনাকে কেন্দ্র করে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই সংঘর্ষের পেছনে সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের প্রত্যক্ষ মদদ রয়েছে। এ ব্যাপারে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আমরা তাকে একটি শোকজ নোটিশ দিয়েছি। কিন্তু তিনি যথাসময়ে জবাব না দেয়ায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আজ থেকে তিনি আর এই পদের দায়িত্বে নেই।’