প্রকাশিত : ২৫ মে, ২০২৬ ২২:০৯ (মঙ্গলবার)
বিশ্বকাপের স্মার্ট বল ‘ট্রাইওন্ডা’

ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যেখানে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে।

বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ট্রাইওন্ডা’- আয়োজক তিন দেশের নামের সমন্বয়ে তৈরি এ নামটি হলো বিশ্বকাপের অফিসিয়াল বল, যা তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস।

এই বলটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিপ-সিম প্রযুক্তি এবং ৫০০ হার্ৎজ মোশন সেন্সর, যা প্রতি সেকেন্ডে বহুবার ডেটা সংগ্রহ করতে সক্ষম। ফলে বলের গতি, অবস্থান এবং খেলোয়াড়ের স্পর্শ—সবকিছুই রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে, যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ব্যবস্থাকে আরও নির্ভুল করতে সহায়তা করবে।

সেন্সরটি খুবই হালকা- মাত্র ১৪ গ্রাম ওজনের- এবং এমনভাবে বসানো হয়েছে যাতে বলের স্বাভাবিক বাউন্স, গতি বা ভারসাম্যে কোনো প্রভাব না পড়ে।

‘ট্রাইওন্ডা’ বলের ভেতরের প্রযুক্তি চালু রাখতে ম্যাচ শুরুর আগে এটি চার্জ করতে হয়। একবার পূর্ণ চার্জে এটি প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে বলে জানা গেছে।

বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে আয়োজক তিন দেশের পতাকার রং—নীল, লাল ও সবুজ। এতে একটি উন্নত ট্র্যাকিং সিস্টেম যুক্ত রয়েছে, যা স্টেডিয়ামের ক্যামেরার সঙ্গে সমন্বয় করে প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, এই স্মার্ট বল শুধু খেলার মান উন্নত করবে না, বরং ফুটবলে প্রযুক্তির ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।