ছবি: সংগৃহীত
প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে বলে জানান তিনি।
বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এতে বাজারে স্থবিরতা কমবে এবং প্রান্তিক সংগ্রহকারীরা ক্ষতির মুখে পড়বেন না বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। এজন্য বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি দেশে বিনিয়োগ আকর্ষণের নতুন ধারা সূচনা করবে।