প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ১৩:৫৪ (বৃহস্পতিবার)

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনের মতোই সেখানে চলছিল নবজাতকদের চিকিৎসা।

পোস্ট অপারেটিভ কক্ষে ছিলেন কয়েকজন সদ্য মা হওয়া নারী ও তাদের নবজাতক সন্তান। কিন্তু গভীর রাত পেরোতেই শুরু হয় রহস্যজনক এক পরিস্থিতি। আর ভোর হতে না হতেই একে একে মারা যায় ৬ নবজাতক!

ঘটনাটি এখন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, আতঙ্ক আর কৌতূহল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা ও ৬টি নবজাতক ছিল। রাত ২টার দিকে কয়েকজন মা হঠাৎ অস্বস্তি অনুভব করতে শুরু করেন। কারও শ্বাসকষ্টের মতো হচ্ছিল, কেউ আবার অস্বাভাবিক গরম অনুভব করছিলেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত ৪টার দিকে কোনো কারণে ওই কক্ষের এসি বন্ধ ছিল। ভোর ৬টার দিকে প্রথম একটি নবজাতকের মৃত্যু হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে মারা যায় আরও পাঁচ শিশু।

একসঙ্গে এত নবজাতকের মৃত্যুতে হাসপাতালে নেমে আসে শোক ও আতঙ্ক।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। কেউ বলছেন গ্যাস লিকেজ, কেউ আবার এসি বিস্ফোরণের কথা তুলছেন। একটি টেলিভিশন চ্যানেলও নবজাতক ওয়ার্ডে গ্যাস লিকেজের আশঙ্কার কথা উল্লেখ করেছে।

তবে ঢাকা মহানগর পুলিশ–এর রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, ‘মায়েরা রাতে অস্বস্তি বোধ করছিলেন। পরে ভোরে একে একে শিশুগুলোর মৃত্যু হয়। কীভাবে এমন ঘটনা ঘটল, সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

একটি প্রশ্ন এখন সবার মুখে’ একই কক্ষে থাকা ৬ নবজাতকের মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অব্যবস্থাপনা?