পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলায় ব্যাপক আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধান জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
নগরের দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সেখানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। যথাক্রমে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
এছাড়া কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। শাহপরান রহ. মাজার মসজিদে সকাল ৮টায় এবং কালিঘাটস্থ হযরত শাহচট রহ. জামে মসজিদে সকাল সাড়ে ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগর ও জেলায় মোট ২ হাজার ৭০৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নগর এলাকায় ৩৯৬টি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।