প্রকাশিত : ৩০ মে, ২০২৬ ১১:৫২ (শনিবার)
এআই ড্রোনে রাশিয়ার রসদ সরবরাহে আঘাত করছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনাবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন নতুন ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থার ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব হামলার লক্ষ্য হলো রুশ সেনাদের খাদ্য, জ্বালানি ও গোলাবারুদের সরবরাহ ব্যাহত করা এবং সামনের সারিতে তাদের যুদ্ধক্ষমতা দুর্বল করে দেওয়া।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, গত এক সপ্তাহে দক্ষিণ ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়া থেকে ক্রিমিয়া ও অন্যান্য এলাকায় যাওয়া গুরুত্বপূর্ণ সরবরাহপথে অন্তত ১৪টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলাগুলোর লক্ষ্য ছিল রুশ বাহিনীর রসদবাহী ট্রাক ও সামরিক যানবাহন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেন কিছু এলাকায় হারানোর চেয়ে বেশি ভূখণ্ড পুনরুদ্ধার করতে শুরু করেছে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, ‘লজিস্টিকস লকডাউন’ নামে নতুন কৌশলের মাধ্যমে রুশ বাহিনীর পেছনের সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে তাদের ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, নতুন ‘হর্নেট’ ড্রোনগুলো এআই প্রযুক্তির সাহায্যে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এসব ড্রোন গত চার বছরে সংগৃহীত রুশ সামরিক লক্ষ্যবস্তুর হাজার হাজার ঘণ্টার ভিডিও বিশ্লেষণ করে প্রশিক্ষিত হয়েছে। একই সঙ্গে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে দূরবর্তী স্থান থেকেও এগুলো নিয়ন্ত্রণ করা যায়।

থিংক ট্যাংক অ্যাটাম মুন্ডির বিশ্লেষক ক্লেমেন্ট মোলিন জানিয়েছেন, তিনি যুদ্ধরেখা থেকে ২০ কিলোমিটারের বেশি দূরে অন্তত ১৫০টি রুশ যানবাহন ধ্বংস হওয়ার তথ্য যাচাই করেছেন। তাঁর মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সংঘাত পর্যবেক্ষণ সংস্থা অ্যাকলেডের বিশ্লেষক ক্রিস্টিয়ান ভ্লাস বলেন, এসব হামলার কারণে রাশিয়া সরবরাহ বহরের আকার ছোট করতে বাধ্য হয়েছে। এতে রসদ পরিবহন আরও জটিল হয়ে উঠছে।

সামরিক বিশেষজ্ঞ রবার্ট টলাস্টের মতে, একটি ব্রিগেড পরিচালনার জন্য প্রতিদিন প্রায় এক হাজার টন খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ প্রয়োজন হয়। তাই সরবরাহ লাইনে সফল হামলা রুশ বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

ইউক্রেনের বিশেষায়িত ড্রোন ইউনিট ‘৪১২তম নেমেসিস ব্রিগেড’ জানিয়েছে, ড্রোন হামলার কারণে রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনে ভারী সামরিক যান চলাচল সীমিত করেছে এবং বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছে।