ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মছব্বির।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
এর আগে প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পর্যটন শিল্পের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে পর্যটনের অবদান নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন।
এ সময় তিনি ভোলাগঞ্জ-সাদাপাথর এলাকার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।