প্রকাশিত : ৩১ মে, ২০২৬ ১৮:০০ (রবিবার)
সিলেটে পরকীয়া নিল বন্ধুর প্রাণ

আটক মো. হাবিল এবং নিহত জুয়েল।

সিলেট নগরীয় রায়নগর দপ্তরীপাড়া এলাকায় খুন হয়েছেন জুয়েল নামের ২৬ বছরের এক যুবক। রবিবার দুপুরে গোয়ালীছড়া খালে ফেলে তাকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি ছুরিকঘাত করা হয়। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা হামলাকারী যুবক মো. হাবিল দাবি করেছেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে জুয়েল তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বার বার নিষেধ করেও তাকে আটকানো যায়নি।

নিহত ওই যুবক জুয়েলময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা।

আটককৃত যুবক সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুই বন্ধু প্রথমে মইন মাস্টারের কলোনীর সামনে মারামারি শুরু করে। একপর্যায়ে ধৃত হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পাশে থাকা গোয়ালীছড়ায় (খাল) ফেলে দেয়। নিচে ফেলে দিয়ে হাবিলের সাথে থাকা ধারালো সুইচ গেইয়ার চাকু দিয়ে গলা, পিঠ ও বুকে একাধিক বার আঘাত মারতে থাকে। ঘটনার একপর্যায়ে, আশেপাশের লোকজন মারামারি দেখতে পেরে  ভিকটিম জুয়েলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ধৃত হাবিলকে এক দফা মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে হাবিলকে জনগণের কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। 

জুয়েলের বাবা জানান, জুয়েলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

মহানগর পুলিশের এডিসি মো. মনজুরুল আলম জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।