প্রকাশিত : ০২ জুন, ২০২৬ ১৬:৩৪ (বুধবার)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংঘর্ষে ১০ জন আহত 

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষের সশস্ত্র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য নিয়ে এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক'দিন ধরে উত্তেজনা চলছিল। 

সোমবার রাতে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় বাজারের বেশ কয়কটি দোকানে লুটপাট চালানো হয়।

হোসেনের দলের পক্ষ আহমেদ হোসেন অভিযোগ করেন, বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়ার সশস্ত্র লোকজন প্রথমে অতর্কিত হামলা চালায়। আমরা তখন প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া বলেন, ‘হোসেনের দলের লোকজনই হামলা চালায়। হামলাকারীরা আমাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছি মাত্র।’

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’