প্রকাশিত : ০২ জুন, ২০২৬ ১৯:৩৩ (বুধবার)
লন্ডনে জাস্টিস ফর জুলাই ইউকের মানববন্ধন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অব্যাহত শিশু ধর্ষণ ও হত্যা, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর জুলাই ইউকে’।

সোমবার (১ জুলাই) স্থানীয় সময় দুপুরে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিপুলসংখ্যক মানবাধিকার কর্মী ও বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে ঘটে যাওয়া ক্রমবর্ধমান ধর্ষণের পর শিশু হত্যা, চাঁদাবাজী, সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে অনুষ্ঠানে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমদের পদত্যাগ দাবী করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, ডা. মাহমুদুল হাসান মিলাদ, সহকারী সেক্রেটারি কামরুল হাসান নাসিম, মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, মাসুদ আহমদ, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল হাই সুফিয়ান, অর্থ সম্পাদক আবুল খায়ের, সহকারী সাংগঠনিক সেক্রেটারি মিজানুর রহমান, অফিস সেক্রেটারি রায়হান চৌধুরী, মিডিয়া ও প্রকাশনা সেক্রেটারি জাফর ইমরান, আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি খালেদ হাসান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি মাহমুদ হোসাইন, নারী ও শিশু বিষয়ক সেক্রেটারি কাকলী আক্তার, সহকারী অফিস সেক্রেটারি আবু বকর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি মো. সানাউর রহমান চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি শাহিদুর রহমান, সংগঠনের সদস্য মনির আহমদ, মোহাম্মদ জামিরুল ইসলাম চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশে গত ১০০ দিনে শিশু হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে।’

তারা মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করেন বক্তারা।

নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সোচ্চার ছিলো, আছে এবং থাকবে। তারা শিশু হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির জন্যই অপরাধীরা অপরাধ করতে ভয় করেনা। তারা অনতিবিলম্বে শিশু রামিসা, মালিহাসহ সকল ধর্ষণের বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের চলমান সহিংসতা, অপরাধ এবং মানবাধিকার পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।