ছবি: সংগৃহীত
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ জুন সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার একটি বাসার তৃতীয় তলায় প্রবেশ করে অজ্ঞাতনামা চোরচক্র। তারা একটি রেডমি মোবাইল ফোন এবং একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন, স্টুডেন্ট আইডি কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় ২ জুন পেনাল কোডের ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২ জুন রাত আনুমানিক ১টার দিকে এসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মজুমদারপাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে পারভেজ আহমদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ এবং ভুক্তভোগীর গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের দাবি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।