প্রকাশিত : ০২ জুন, ২০২৬ ২২:৫৫ (বুধবার)
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর

ছবি: সংগৃহীত

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, “জনশক্তি রপ্তানির খাতকে সিন্ডিকেটমুক্ত করাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি করতে না পারলে আমি পদ ছেড়ে চলে যাব।”

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি বলে আসছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হয়ে যাওয়া দেশটির শ্রমবাজার এখনও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়নি।

আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নতুন কোনো শ্রমচুক্তি বা সমঝোতা স্মারক সই হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য তাঁর কাছে নেই।

সংবাদ সম্মেলনে মন্ত্রী প্রবাসীদের জন্য একটি সমন্বিত ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এই কার্ড চালু হলে আলাদা করে বিএমইটি কার্ডের প্রয়োজন হবে না। একটিমাত্র কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব ধরনের সেবা ও সুবিধা পাবেন।

এদিকে উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো—আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।

মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রকে ছাড় দেওয়া হবে না। কোনো অসাধু এজেন্সির কারণে দেশের বৈদেশিক কর্মসংস্থানের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, রাশিয়ায় প্রতারিত হয়ে আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসকে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই সেলের মাধ্যমে প্রবাসীরা সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের অভিযোগ জমা দিতে পারবেন বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।