প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ ১১:৫৮ (বৃহস্পতিবার)
বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

কয়েক দফা গণশুনানি শেষে আজ বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুচরা পর্যায়ে নতুন মূল্য ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, বিদ্যুতের দাম ১৮ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা প্রতি ইউনিটে প্রায় ১ টাকা থেকে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত বৃদ্ধি হিসেবে প্রতিফলিত হবে। এই বৃদ্ধি লাইফ লাইন গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহকের ওপর প্রযোজ্য হবে।

এছাড়া খুচরা মূল্য বৃদ্ধির পাশাপাশি পাইকারি পর্যায়ের বিদ্যুতের দাম এবং সঞ্চালন লাইনের হুইলিং চার্জও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি খুচরার তুলনায় কিছুটা বেশি হতে পারে এবং চলতি মাস থেকেই নতুন দর কার্যকর হতে পারে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই গ্রাহকরা নতুন বিলের মাধ্যমে এই বাড়তি মূল্য পরিশোধ করতে বাধ্য হবেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি শুধু জানান, কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী গণশুনানি ও অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, স্বল্প আয়ের গ্রাহকদের জন্য নির্ধারিত লাইফ লাইন সুবিধা বহাল থাকলেও বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে তাদেরও ছাড় দেওয়া হচ্ছে না। শূন্য থেকে ৫০ এবং শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুৎ বিলের স্ল্যাব কাঠামো আগের মতোই রাখা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাব অনুযায়ী, দাম বাড়ানো হলে তাদের রাজস্ব প্রায় ১২ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। সংস্থাটি দাবি করেছে, উচ্চ দামে বিদ্যুৎ ক্রয় করে কম দামে বিক্রির কারণে ২০২৬-২৭ অর্থবছরে তাদের লোকসান প্রায় ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এই ঘাটতি সামাল দিতে বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।