প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ ১৬:১১ (বৃহস্পতিবার)
বিদ্যুতের নতুন দাম ঘোষণা, এক ইউনিটে কত টাকা বাড়ল?

পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ দশমিক ৫২ টাকা বাড়ানো হয়েছে, ফলে নতুন দর দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ টাকা।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১ দশমিক ৩৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ৮ পয়সা বৃদ্ধি পেয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, উৎপাদন, ক্রয়, আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, সরকারি ভর্তুকি পরিস্থিতি এবং সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে গণশুনানি শেষে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৬ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৯ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাম সমন্বয়ের পরও বিদ্যুৎ খাতে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।