ছবি: ইমজা নিউজ
চীনের বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এ লক্ষ্যে হাসপাতালটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল।
বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন। সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
এর আগে মঙ্গলবার (২ জুন) হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে সিলেট সফরে আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাতে সিলেট সার্কিট হাউজে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা এবং স্থান নির্বাচন বিষয়ে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, আন্তর্জাতিক মানের এ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে চিকিৎসার জন্য রাজধানীমুখী চাপ কমবে এবং সিলেটকে একটি আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।