প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ ১৭:১৬ (বৃহস্পতিবার)
পুলিশে রদবদল: সিলেটের একজনসহ ৯ কর্মকর্তা বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলিদের মধ্যে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারও রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) পদায়ন করা হয়েছে।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএন এবং অপর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বদলির আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৬ জুন থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।