ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাদি হত্যা মামলার যেসব আসামি বর্তমানে ভারতে গ্রেপ্তার রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “হাদি হত্যার বিচার আমরা চাই। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকটি দেশে নির্বাচন হয়েছে। সেখানে একজন পরাজিত নেতা কিছু বলেছেন। সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মন্তব্য করা সমীচীন হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং বিচার নিশ্চিত করা। সে লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে চলতি বছরের ৮ মার্চ ভারতে গ্রেপ্তারের কথা দেশটির পুলিশ স্বীকার করে। বর্তমানে তারা ভারতের কারাগারে রয়েছেন।