প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ ২১:২৪ (বৃহস্পতিবার)
সুনামগঞ্জের সড়কে লেগুনার ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনার ধাক্কায় ঝরিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর গ্রামের বাসিন্দা ও ফজর আলীর স্ত্রী।

বুধবার (৩ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মামদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ঝরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় লেগুনাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত লেগুনাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।